টেকনাফ প্রতিনিধি
একজন মানুষ গড়ার কারিগরকে পিটিয়ে হত্যার ১২ বছর পেরিয়ে গেলেও আজও কাঁদছে টেকনাফের আকাশ-বাতাস। আজও হয়নি বিচার। বরং উল্টো বিচার চাইতে গিয়ে এবার প্রাণনাশের হুমকির মুখে পড়েছে নিহত শিক্ষকের অসহায় পরিবার।
বলছিলাম টেকনাফের শিক্ষা সমাজের বাতিঘর, টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সকলের প্রিয়, সদা হাস্যোজ্জ্বল সহকারী অধ্যাপক শামসুল আলম স্যারের করুণ হত্যাকাণ্ডের কথা।
২০১৪ সালের ৩১ অক্টোবর। একটি সালিশি বৈঠকের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় নিরীহ এই শিক্ষককে। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা ঘাতকরা পরিকল্পিতভাবে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই মহান শিক্ষক। সেদিন শুধু একজন শিক্ষক মারা যাননি, মারা গিয়েছিল টেকনাফের শিক্ষা সমাজের বিবেক, মারা গিয়েছিল হাজারো শিক্ষার্থীর স্বপ্ন।
এ ঘটনায় নিহতের স্ত্রী দিলসাদ বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ১ যুগ পেরিয়ে গেলেও সেই মামলার বিচার আজও আলোর মুখ দেখেনি।
নিহতের স্ত্রী দিলসাদ বেগম কান্না জড়িত কণ্ঠে সিবিএনকে বলেন, "আমার স্বামীকে যারা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে, তারা আজও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ১২ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু আজও বিচার পেলাম না। এখন উল্টো মামলা তুলে নিতে আমাকে ও আমার সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধান উপদেষ্টা ও প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা ও আমার স্বামী হত্যার বিচার চাই।"
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, হুমকিদাতা ও হত্যা মামলার প্রধান আসামিরা হলেন- মৃত গোলাম সুলতানের ছেলে আব্দুল মালেক, ইলিয়াসের ছেলে মহি উদ্দিন, মোহাম্মদ শফির ছেলে জলাল উদ্দিন সহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা। তারা সকলেই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম মহেশখালী পাড়ার বাসিন্দা।
নিহত শিক্ষকের এক প্রাক্তন শিক্ষার্থী ক্ষোভ ও আবেগঘন কণ্ঠে বলেন, "স্যার, আমার মতো কত অমানুষকে আপনি মানুষ করেছেন, শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। অথচ আপনার হত্যার বিচারের জন্য আমরা কিছুই করতে পারিনি। আপনার খুনিরা আজও আমাদের সামনে বুক ফুলিয়ে হাঁটে। আমাদের ক্ষমা করে দেবেন স্যার।"
এলাকার সচেতন মহল, শিক্ষক সমাজ ও প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের একটাই প্রাণের দাবি, অনতিবিলম্বে এই চাঞ্চল্যকর হত্যা মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করে অভিযুক্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ফাঁসির রায় কার্যকর করা হোক এবং নিহতের অসহায় পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হোক।