. .
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭ থেকে রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজ ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার জাবেদ হোসেন ক্যাম্প-১৭-এর বাসিন্দা। তিনি জোরহমান ও মরিয়মের ছেলে।
অভিযানকালে তার হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
মন্তব্য করুন