. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোগ হওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করছে এআই

চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাইভফোরওয়েল। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যন্ত্রের সামনে দাঁড়ালে কয়েক সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মধ্যেই মিলছে ওই ব্যক্তির স্বাস্থ্য প্রতিবেদন। সংশ্লিষ্ট ব্যক্তির রোগের ঝুঁকির আগাম সতর্কবার্তা উল্লেখ করা হয় এতে।


বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ৩৭ সদস্যের একটি দল গত ২৮ অক্টোবর হংকংভিত্তিক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। এর মধ্যে এশিয়া পোস্ট, সমকাল, যুগান্তর, কালবেলা, দেশ রূপান্তর, বাসস, একাত্তর টিভি, এখন টিভি, চ্যানেল ২৪, কালের কণ্ঠ ও ডেইলি সানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন। তারা প্রতিষ্ঠানটির প্রযুক্তি, স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন। নিজেরাও স্বাস্থ্য পরীক্ষা করান।

পরিদর্শনের অংশ হিসেবে কাচের দেয়ালঘেরা একটি কক্ষে যন্ত্রের সামনে দাঁড়ান এক সাংবাদিক। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী, ডানে-বামে মুখ ফেরান। সব মিলিয়ে কয়েক সেকেন্ড।

এরপর বেরিয়ে এল প্রতিবেদন। হাতে নিয়ে চোখ কপালে ওঠার দশা হলো ওই সংবাদকর্মীর। বয়স ৫০ পেরোলেও এত দিন জানতেন না, হাঁটার সময় তার শরীর অজান্তে একটু সামনের দিকে ঝুঁকে থাকে।

চিকিৎসক জানালেন, ‘এভাবে অবচেতনভাবে ঝুঁকে চাপ দিয়ে হাঁটার কারণে মেরুদণ্ডে অতিরিক্ত চাপ পড়ছে। এখনই জীবনযাত্রায় পরিবর্তন না আনলে বড় শারীরিক বিপদের ঝুঁকি রয়েছে।’

পাশের আরেকটি যন্ত্রে নিজের স্বাস্থ্য পরীক্ষা নিজেই করছিলেন ৩২ বছরের তবিবুর রহমান। পাঁচ মিনিটের ব্যবধানে বেরিয়ে এল প্রতিবেদন। এতে বলা হয়, তার অতিরিক্ত ওজন রয়েছে এবং ডায়াবেটিসের ঝুঁকি আছে।

তবিবুর রহমান বলেন, ‘পরীক্ষার ফলাফল দেখে চিকিৎসকের পরামর্শ, দিনের যে কোনো সময় অন্তত ৩০ মিনিট দৌড়াতে হবে। ভাত খাওয়ার পরিমাণ কমাতে হবে এবং ওজন কমাতে হবে অন্তত ১০ কেজি।’

লাইভফোরওয়েলের প্রতিনিধিরা জানান, কোনো নমুনা ছাড়াই এআই-এর সহায়তায় স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাতটি যন্ত্রের মাধ্যমে ক্যানসার, ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ অন্তত ৫০টি অসংক্রামক রোগ সম্পর্কে আগাম জানা যায়।

ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান ইলেকট্রিক্যাল ইম্পিড্যান্স টমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তিতে স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি সম্পর্কে ধারণা দেন।

এই প্রযুক্তির কার্যক্ষমতা, পরীক্ষার যথার্থতা, সেবার খরচ ও ব্যবহারিক দিক নিয়ে গণমাধ্যমকর্মীরা নানা প্রশ্ন করেন। বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশের স্বাস্থ্যসেবায় এটি কতটা কার্যকর হতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

রাসেল চ্যান বলেন, ‘আমরা প্রচুর উদ্ভাবন নিয়ে কাজ করছি, যাতে মেডিকেল ডিভাইস সাধারণ মানুষের নাগালে পৌঁছে যায়। প্রাথমিক স্বাস্থ্যসেবায় এসব ডিভাইস কাজে আসবে। এগুলো চালাতে কোনো ধরনের বিশেষজ্ঞ অপারেটরও প্রয়োজন হয় না।’

প্রযুক্তির মান নিয়ে লাইভফোরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, ‘এআইভিত্তিক চিকিৎসা আইএসও (আন্তর্জাতিক মান সংস্থা) কর্তৃক সনদপ্রাপ্ত। এটি যুক্তরাষ্ট্র, জার্মানিসহ উন্নত অনেক দেশে চলছে। আমাদের লক্ষ্য রোগ হওয়ার আগেই সমস্যা চিহ্নিত করা এবং প্রতিরোধে সর্বোচ্চ জোর দেওয়া।’

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রতিবছর যত মানুষ বিভিন্ন রোগে মারা যায়, তাদের ৭৩ শতাংশের মৃত্যু হয় ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির মতো অসংক্রামক রোগে। এর বড় কারণ প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী না হওয়া।

প্রতিরোধের ওপর জোর দিয়ে মিরান্ডা ওং বলেন, ‘প্রতিটি দেশের স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ চলে যায়। মানুষের ব্যক্তিগত ব্যয় বাড়ে, এটি নাগরিকদের জন্য বড় বোঝা। জিডিপির বড় অংশ চলে যায় স্বাস্থ্যের পেছনে। এ জন্য দরকার রোগ হওয়ার আগেই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। হংকংভিত্তিক এশিয়ার প্রথম ডিজিটাল হেলথ ইকোসিস্টেমে এটি চালু রয়েছে। এটি প্রতিরোধমূলক চিকিৎসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে গঠিত। আন্তর্জাতিক মেডিকেল গ্রেড ডিভাইস এবং এআই মেশিন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে এটি শারীরিক অবস্থার মূল্যায়ন এবং ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের কাছ থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার চাহিদা ও উদ্বেগ জানার সুযোগ হয়েছে। ভবিষ্যতে বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ তৈরিতে এ ধরনের বিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ মনে করেন, এআই প্রযুক্তি স্বাস্থ্য পর্যবেক্ষণ, জীবনযাত্রা বদলের পরামর্শ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্য সচেতন নন। গুরুতর রোগ হলেই কেবল তারা হাসপাতালে যান কিংবা চিকিৎসকের শরণাপন্ন হন। প্রতিরোধের চেয়ে এখনও প্রতিষেধকে নির্ভরশীল আমরা। এআই প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে আমাদের এই নীরবতা ভাঙতে পারে, সচেতনতায় বড় প্রভাব পড়তে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

1

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

2

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

3

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

4

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

5

রোহিঙ্গার ব্যাগে ছিলো অস্ত্র তৈরির সরঞ্জাম, পুলিশ দেখেই দৌড়

6

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

7

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

8

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

9

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

10

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

11

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

12

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

13

নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি

14

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

15

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

16

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

17

নলকূপ স্থাপনের সময় হঠাৎ মাটির নিচ থেকে বের হলো আগুন

18

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারি

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20