. .
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, অপরাধ দমন ও শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ২৩ জনের মধ্যে পাঁচজন চোর ও ছিনতাইকারী, ১১ জন মাদকসেবী, আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজন এবং নিয়মিত মামলার আরও দুজন আসামি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।
ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচজন হলেন সাইম বিন জিহান (২০), শাহেদ মনি (২২), আলী আহাম্মদ (২৫), পারভেজ মোশারফ (২৭) ও আশ্রাফুল ইসলাম ছাদমুন (২০)।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১১ জন হলেন রায়হানুল ইসলাম (২২), সাজ্জাদ হোসেন রানা (২২), মুর্শেদুল আলম (২৮), মো. রিয়াজ (২৪), মো. আব্বাস (৪০), মুবিনুল হক মুবিন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মো. তারেক (২৪), আবুল কাশেম (২০), মো. শাহিন (২০) ও আজিজুল হক (৪০)।
এ ছাড়া বিভিন্ন আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আমিনা বেগম (৪৫), নুরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ তৌহিদুল ইসলাম (২০), জাবেদ উদ্দিন ও মো. ইউনুছকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
নিয়মিত মামলায় গ্রেপ্তার অন্য দুজন হলেন জিয়াবুল হক (৩২) এবং এনায়েতুর রহমান প্রকাশ নয়ন (২৮)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন