. .
কক্সবাজারের রামুর পূর্বাঞ্চলের গর্জনিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প আয়ের পথে এগিয়ে নিতে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার। এ কর্মসূচির আওতায় তামাক চাষের সঙ্গে যুক্ত কৃষক-কৃষাণীদের মধ্যে মুরগি পালনের ঘর, মুরগি ও ভার্মি কম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হচ্ছে।
আজ সকাল ১১টায় গর্জনিয়ার নাজের চৌধুরী ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প ব্যবস্থাপক রিয়ে কুণ্ডু (জাপান)। অনুষ্ঠানের শুরুতে উপকারভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
কর্মসূচির আওতায় গর্জনিয়া ইউনিয়নের ২, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের যাচাই করা ৩২৫ জন তামাক চাষ নিরুৎসাহিত কৃষক ও কৃষাণীর মধ্যে মুরগি পালনের ঘর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, এমইউপি শাহরান চৌধুরী মারুফ, প্রকল্প প্রধান ওসমান গনি, সিনিয়র ফিন্যান্স অফিসার সুরুজ খান, প্রকল্প প্রকৌশলী আবুল হোসেন বাবুল, ফিন্যান্স অফিসার প্রবেশ চিরান ওই, টেকনিক্যাল অফিসার (লাইভস্টক) আবু হেনা সজীব, কমিউনিটি মবিলাইজার নাছরিন জাহান উর্মি, সেন ওয়ান ও সিরাজুল মনিরাসহ অন্যরা।
আয়োজকেরা জানান, তামাক চাষের পরিবর্তে কৃষকদের হাঁস-মুরগি পালন ও পরিবেশবান্ধব কৃষির সঙ্গে সম্পৃক্ত করে টেকসই বিকল্প জীবিকার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের নিরাপদ ও লাভজনক কৃষিতে উৎসাহিত করা হবে।
মন্তব্য করুন