পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরে সেগুলো ঘিরে রাখেন এসআরবি সদস্যরা। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব গান পাউডার ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জায়গাটি ঘিরে রাখা হয়েছে।
এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করা হয়। একই কক্ষে অন্তত ৫০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল।
অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান এসআরবি এই কর্মকর্তা।