টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে চোরাচালান রোধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (০১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর রাত ২ টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক "অপারেশন সার সুরক্ষা" নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
পরে উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সার, বোট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।