পেকুয়া প্রতিনিধি
পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত "ভিডিও হামদ-নাত প্রতিযোগিতা-২৬" এবং শিক্ষা প্ল্যাটফর্ম "জানতে হলে পড়"-এর নিয়মিত মাসিক কুইজের গত তিন মাসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে ইবনে হাইসাম ফাউন্ডেশন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকার একটি অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মিসবাহুন নুজুম রাব্বানী ও অফিস সেক্রেটারি মাহদী হাসান মাহিন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে হাইসাম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মেরিন ইঞ্জিনিয়ার মো. জুনায়েদ সাঈদী। বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মের নৈতিক, মানবিক ও সাংস্কৃতিক বিকাশে সুস্থ ইসলামি সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামদ-নাতের মতো সৃজনশীল আয়োজন শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, সৃজনশীলতা এবং ইতিবাচক সাংস্কৃতিক চেতনা বিকাশে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির যথাযথ ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে ইসলামি সংস্কৃতি ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে হামদ-নাত প্রতিযোগিতা ও মাসিক কুইজের বিভিন্ন বিভাগে বিজয়ী মোট ২০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে ব্যাগ, বই, সনদপত্র ও ক্রেস্টসহ বিভিন্ন শিক্ষা ও উৎসাহমূলক উপহার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনুভূতি প্রকাশের পাশাপাশি অভিভাবকদের জন্যও ছিল আনন্দঘন পরিবেশ। বক্তারা এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, প্রতিযোগিতাভিত্তিক শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হতে পারে।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসমাইল মুনিরী হাসসান ইবনে সাবিত (রা.)-এর দৃষ্টান্ত তুলে ধরে শিল্পী ও সৃজনশীল ব্যক্তিদের গুরুত্ব এবং সমাজ ও সংস্কৃতিতে তাঁদের ইতিবাচক ভূমিকার বিষয়ে আলোচনা করেন। তিনি ফাউন্ডেশনের চলমান বিভিন্ন বাস্তবমুখী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, বিজয়ী এবং তাঁদের অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, ইবনে হাইসাম ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, সৃজনশীল প্রতিভার বিকাশ, পাঠাভ্যাস এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।