চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণে কোনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার রেঞ্জ, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত ভাবে অভিযান অব্যাহত রেখেছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেফতারকৃত জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।