
উখিয়া–টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার–৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারীর প্রতি সমর্থন জানিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উখিয়া উপজেলার থাইংখালীতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের বরণ করা হয়। ফুলের মালা পরিয়ে যোগদানকারীদের স্বাগত জানান জামায়াত নেতারা। যোগদানকারীরা পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গফুর উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পথসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারীর সঙ্গে থাইংখালী স্টেশনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে গফুর উদ্দিন চৌধুরী বলেন, চাঁদাবাজির প্রতিবাদ করায় তিনি মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। এসব অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিয়েছেন।
জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের এই অবস্থান চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রকাশ। উখিয়া–টেকনাফে গণসমর্থন দাঁড়িপাল্লার পক্ষেই রয়েছে বলে তিনি দাবি করেন।
যোগদানকারীদের মধ্যে পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু বলেন, সততার মূল্য না থাকায় তিনি বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন।
এই আসনে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।