
কক্সবাজারে গণভোটের প্রচার ও মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদের উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল, এস এম পাড়া, চনখোলা ও গুদার পাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের অপরাধ প্রতিরোধে সচেতন করা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার সম্পর্কে সতর্ক করা এবং অপরাধ সংঘটিত হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে জাতীয় জরুরি নম্বর ও হটলাইনের তথ্য জানানো হয়।
পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে প্রচারণা চালানো হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সায়মুন সংসদের সভাপতি অধ্যাপক নুরুল আবছার সিকদার। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় সংগঠনের সদস্য ফারহান উল্লাহ, আমিনুর রশিদ, মঈনুদ্দিন, নিপু বড়ুয়া, রাজিব দাশ, মো. আইয়ুবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী দু’বার জাতীয় পুরস্কার এবং কক্সবাজার জেলা পর্যায়ে দু’বার ক্রীড়া সংগঠক পুরস্কার পান অধ্যাপক নুরুল আবছার সিকদার।