
আন্তর্জাতিক ডেস্ক
চীনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কয়েক ঘণ্টা পরই উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। রোববার (৪ জানুয়ারি) এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। খবর আলজাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ঠিক সেই সময়েই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বেইজিং সফরে অবস্থান করছিলেন। বিশ্লেষকদের মতে, সিউল ও বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক বার্তা দিতেই পিয়ংইয়ং এই পদক্ষেপ নিয়েছে।
একই সঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি এক বিবৃতিতে এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের ‘দুর্বৃত্ত ও নৃশংস হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্যোগের প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনকে সরাসরি সতর্কবার্তা দেয় পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে চীনের অবস্থানের বিরোধিতা করে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনই উত্তর কোরিয়ার মূল উদ্দেশ্য। এ ঘটনার পর জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের আকাশসীমায় নজরদারি ও প্রতিরক্ষা সতর্কতা আরও জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।