
নিজস্ব প্রতিবেদক
সাইমন বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম। শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইউনিয়ন হাসপাতাল পিএলসিকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় দলটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ইউনিয়ন হাসপাতাল পিএলসি। নির্ধারিত ২০ ওভারে তারা ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম। মাত্র ১৬ ওভারে লক্ষ্য পূরণ করে দলটি ৯ উইকেটের বড় জয় তুলে নেয়।
দলের পক্ষে ইমন ৭৮ রান এবং সাদিকুর রহমান ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সাদিকুর রহমান ম্যাচসেরা নির্বাচিত হন।
কক্সবাজারে প্রথমবারের মতো এত ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। দর্শকদের উপস্থিতি ও আগ্রহে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ম্যাচ শেষে বৃহত্তর পাহাড়তলী ঐক্য ফোরাম ক্রিকেট একাদশের মালিক মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, সমুদ্র শহর কক্সবাজার থেকে তার দল ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে—এটাই তাদের লক্ষ্য ও প্রত্যাশা।