প্রিন্ট এর তারিখঃ Feb 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
চকরিয়ায় ছড়া খালে মিলল অজ্ঞাত যুবকের লাশ

চকরিয়ার খুটাখালী ছড়াখাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার এসআই সোহরাব সাকিব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় খুটাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়াখালের পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে ঘটনাটি চকরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কেউ যুবকের মরদেহ ছড়ার পানিতে ফেলে দিয়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ সাইমন নিউজ