
সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে—এমন প্রচারণার সত্যতা যাচাই করতে কার্নিভালস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের একটি দল পর্যটন কার্নিভালের স্থান ও এর আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান চলাচলের সুবিধার্থে গাছের ওপরের ও অতিরিক্ত অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাঁটাই করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কার্নিভাল আয়োজনের অনেক আগেই এসব গাছ ছাঁটাই করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে যেসব কাটা গাছ দেখা গেছে, সেগুলো বিমান চলাচলের সুবিধার্থে আগেই কাটা হয়েছিল, যা নিয়মিত কার্যক্রমের অংশ। এসব গাছের তথ্য বন বিভাগের কাছে সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে গাছ কাটার প্রচারণা চালানো হচ্ছে, সরেজমিনে তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে একাধিক সভা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে এই কার্নিভাল।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খান জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন নিজস্ব জায়গায় তিন মাসব্যাপী পর্যটন কার্নিভালের আয়োজন করেছে। আয়োজকেরা পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করেননি এবং পরিবেশের কোনো ক্ষতি করেননি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান বলেন, কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি। ঝড়ে উপড়ে পড়া কিছু গাছ বন বিভাগ কেটে সংরক্ষণ করে বিক্রি করেছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সেসব গাছের কিছু গুঁড়ি এখনো ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি বিমান চলাচলের সুবিধার্থে সিভিল এভিয়েশন গাছের ওপরের কিছু অংশ ছাঁটাই করেছে, যা বন বিভাগ অবগত রয়েছে। মূলত কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি।
পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসে না। পুরোনো কিছু গাছের গুঁড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাছ কাটার প্রচারণা চালানো হচ্ছে, যা সত্য নয়। কার্নিভালের জন্য কোনো গাছ কাটা হয়নি এবং ভবিষ্যতেও কাটা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জলপরীর একটি ছবির বিষয়ে তিনি বলেন, কার্নিভালে জলপরীর কোনো ভাস্কর্য নেই। অথচ অনেকে জলপরীর ভাস্কর্য রয়েছে বলে প্রচারণা চালাচ্ছেন। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারেকুর রহমান, পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।