
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি নতুন দুটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বাড়ানো, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং আভিযানিক কার্যক্রম জোরদার করতেই টিওবি দুটি স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নবনির্মিত ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ টিওবি উদ্বোধন করেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের কাছাকাছি অবস্থান করে দ্রুত নজরদারি ও টহল পরিচালনার সুবিধার জন্য ঘুমধুম ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় টিওবি দুটি নির্মাণ করা হয়েছে। রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় ৩৪ বিজিবি এর নির্মাণকাজ সম্পন্ন করে।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার নতুন টিওবি দুটির দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, ওই এলাকায় আগে থাকা বিওপিগুলো সীমান্ত থেকে তুলনামূলক দূরে হওয়ায় সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। সীমান্তের আরও কাছে টিওবি স্থাপনের ফলে এসব কার্যক্রম পরিচালনা সহজ হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, নতুন টিওবি দুটির মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়বে। একই সঙ্গে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তসংক্রান্ত অন্যান্য অপরাধ প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।