
কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজারে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ হয়েছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শনিবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে চকরিয়া থানা-পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে হারবাং বাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ। মাদকাসক্তি রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।
চকরিয়া থানা-পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় মাদকবিরোধী সচেতনতা তৈরির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর আগে আরও দুই দিন এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, মাদককে না বলে সুস্থ ও নিরাপদ জীবন গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।