
টেকনাফ প্রতিনিধি
টেকনাফের হোয়াইক্যংয়ে ২ লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ভোর চারটার দিকে হোয়াইক্যংয়ের কুতুব ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২ লাখ পিস ইয়াবাসহ জিয়া উদ্দিনকে আটক করা হয়। তিনি হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকার মৃত নুর আহমদের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।