
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ‘রাইড শো’ করার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে নয়ন আহমেদ (১৯) মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কর্ণফুলী টানেল সড়কের চায়না রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অপর যুবকের নাম সাগর (২১)। তাঁরা দুজনই আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা এবং ‘এক্সট্রিম রাইডার্স’ নামের একটি বাইকার দলের সদস্য।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে ওই বাইকার দলের ২০ থেকে ২৫ জন তরুণ কর্ণফুলী টানেল সংযোগ সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এক্সহস্ট পাইপ ব্যবহার করা হচ্ছিল। একপর্যায়ে পেছন থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলগুলোকে ওভারটেক করার চেষ্টা করলে নয়নের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সাগরও আহত হন।
স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকার শ্রমিকবাহী বাস চলাচল কম থাকায় সড়কটি তুলনামূলক ফাঁকা ছিল। সেই সুযোগে ওই তরুণেরা সেখানে ‘রাইড শো’ আয়োজন করেছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার এক দিন আগে নয়ন আহমেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রাইড শোতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে পোস্ট করেছিলেন। সেখানে শুক্রবার বিকেল তিনটায় টানেল এলাকায় দেখা করার কথা উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন তরুণকে উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে সড়কে মহড়া দিতে দেখা যায়। পরে একটি গাড়ি মোটরসাইকেলগুলোকে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে বলে ভিডিওতে দেখা গেছে।
আহত সাগরের বাবা আবু তালেব বলেন, দুর্ঘটনার পর তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় বলে তিনি জানতে পেরেছেন। নয়নের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছিল।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বেলাল বলেন, আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনা হয়। নয়নের মাথায় গুরুতর আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, কর্ণফুলী টানেলের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সড়কে এ ধরনের বাইক রাইড কাম্য নয়। বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিশৃঙ্খলা ও বেপরোয়া আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বছরের ২২ আগস্ট কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তের সড়কে হেলমেট ছাড়া এক যুবকের ঝুঁকিপূর্ণ বাইক স্টান্টের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওতে চলন্ত মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে স্টান্ট করতে দেখা যায় তাঁকে।