
টেকনাফ প্রতিনিধি
টেকনাফে সিএনজি অটোরিকশায় করে ইয়াবার চালান নেওয়ার সময় ২৪ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হোসেন (৫৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান সিএনজি অটোরিকশায় করে পরিবহনের খবর পেয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকাল আটটার দিকে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
র্যাবের দাবি, তল্লাশির সময় সিএনজি চালক আব্দুল হোসেনের শরীরের পেট ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতর ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগে মোট ২৪ হাজার ইয়াবা বড়ি ছিল।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করার কথা স্বীকার করেছেন।
তবে র্যাবের এই দাবির বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজি অটোরিকশাসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।