
কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায়।
এ ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মোট ৬৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় জড়িত অভিযোগে ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।
মামলার বাদী কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অমল বড়ুয়া অভিযোগ করেন, স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়ার পথে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা চার পুলিশ সদস্যকে মারধর করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় মিজানুর রহমানকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে ছয়জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাঈদুল হক বলেন, রাতভর বিভিন্ন কৌশল ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ওই আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক বলেন, “মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা এবং পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ওসি আরও বলেন, হামলায় আহত চার পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। পলাতক আসামি মিজানুর রহমানসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।